সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) ভোরে চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার গিয়াস সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণার পাশাপাশি বর্তমানে মাদক ব্যবসায় জড়িত রয়েছেন এবং তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে বলে জানান তিনি।
মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গিয়াসউদ্দিন ভয়ংকর প্রতারক। তিনি বিভিন্ন পরিচয়ে প্রতারণা করতেন। ২০১৫ সালে ক্রসফায়ার থেকে বাঁচানোর কথা বলে আকবর নামে মানবপাচার মামলার এক আসামির পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। এ ঘটনায় মামলা হওয়ার পর ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। গিয়াসের বিরুদ্ধে করা সিআইডি পরিচয়ে চাঁদাবাজির মামলাটি প্রত্যাহারের জন্য ২০১৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিলমোহরসহ একটি চিঠি সিআইডির চট্টগ্রাম কার্যালয়ে আসে। পরে তদন্ত করে দেখা যায় এটিও ভুয়া। এ ঘটনায় খুলশী থানায় গিয়াসকে আসামি করে ২০১৬ সালে আরেকটি মামলা করা হয়।’









