কুমিল্লার লাকসাম পৌর শহরের কাদ্রা এলাকায় সড়কের পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ মে) ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শিশুটি।
শিশু রায়হান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদ্রা গ্রামের শাহ আলমের ছেলে। রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল বাদী হয়ে বৃহস্পতিবার (২০ মে) লাকসাম থানায় আলিফ অটোরাইস মিলের মালিকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরশহরের কাদ্রা এলাকায় আলিফ অটোরাইস মিলের পাশে শিশুটির বাড়ি। গত ১৭ মে বিকালে সে তার বোনের সঙ্গে মাঠে বল খেলছিল। একপর্যায়ে বলটি মিলের ছাইয়ের ওপর পড়ে। রায়হান বলটি আনতে গেলে জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে ঢাকায় নেওয়া হয়। তিন দিন শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়হানের চাচা জুয়েল বলেন, ‘আলিফ অটোরাইস মিল তাদের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখে।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘অভিযোগ তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’









