কাপ্তাই লেকে গোসল করতে নেমে ডুবে যাওয়ার পর তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরি দল। শুক্রবার (২৮ মে) বিকাল সাড়ে ৫টায় কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউপি এলাকালীন সীতারঘাট মন্দির সংলগ্ন লেকের পানিতে লেকের পানিতে গোসল করতে নেমে তিনি ডুবে যান।
নিহত তন্ময় দাস চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকার বাসিন্দা সুবল দাশের ছেলে। তন্ময় দাস নয় বন্ধুসহ চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকার কয়লার ডিপোতে বেড়াতে গিয়েছিলেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, তন্ময় দাশ বিকালে বন্ধুদের নিয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকার কয়লার ডিপো থেকে নৌকায় করে সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাটে যান। সেখানে তারা সবাই কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন। পরে সেখানে তন্ময় ডুবে যান। এ সময় অন্যরা তাকে ছাড়াই পানি থেকে ঘাটে ওঠেন। এরপর খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।









