বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কুমিল্লা শহর। পানিবন্দি হয়ে পড়েছেন শহরের বাসিন্দারা। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। সড়কগুলোও পানির নিচে। এমন অবস্থায় জলজটে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।
রবিবার (০৪ জুলাই) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কয়েক ঘণ্টার টানা ভারী বর্ষণে হাঁটু ও কোমর পানির নিচে ডুবে যায় কুমিল্লা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। পানি ঢুকে পড়ে শিক্ষা বোর্ডের আবাসিক এলাকায় বসবাসরত কর্মকর্তাদের বাসায়ও। এ অবস্থায় পানিবন্দি হয়ে পড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবদুছ সালাম নৌকায় চড়ে অফিসে আসেন।
নৌকায় চড়ে অফিসে যাওয়া ছাড়া আর কোনও উপায় ছিলো না জানিয়ে প্রফেসর মোহাম্মদ আবদুছ সালাম বলেন, সকালে বৃষ্টিতে শিক্ষা বোর্ডের চারপাশ হাঁটু পানির তলিয়ে গেছে। বোর্ডের আবাসিক এলাকায় কলেজ পরিদর্শকসহ কর্মকর্তাদের বাসার ভেতরে পানি প্রবেশ করেছে। আমার বাংলোর ভেতরেও পানি প্রবেশ করেছে। বোর্ডের ভেতরে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে তলিয়ে যাওয়ায় জলজটে আটকা পড়েছি। মসজিদেও পানি ঢুকেছে।
তিনি বলেন, অফিসে আসার মতো কোনও উপায় না পেয়ে পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য ব্যবহৃত নৌকায় চড়ে আসতে হয়েছে। নৌকায় চড়ে অফিসে যাওয়ার নতুন অভিজ্ঞতা হলেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই জলাবদ্ধতামুক্ত একটি সুন্দর কুমিল্লা শহর।









