মিরসরাইয়ে উদ্বোধনের দু’মাস পরও চালু হয়নি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। গত ১০ জুন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম পর্যায়ে মিরসরাই মডেল মসজিদসহ সারাদেশের ৫০টি মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন এ মসজিদ দেখতে আসছেন মুসল্লিরা। কিন্তু মসজিদ বন্ধ দেখে হতাশ হচ্ছেন তারা।
জানা গেছে, গত ১৪ জুন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন পদে অস্থায়ী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। যেখানে ইমাম পদে ১৬ জন, মোয়াজ্জেম পদে ১৯ জন ও খাদেম পদে ১০ জন সাক্ষাৎকার দেন। তাদের মধ্য থেকে বাছাই করে ১২ জনের নাম চূড়ান্ত নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। তবে চলমান বিধিনিষেধের কারণে এর মধ্যে আর নিয়োগ দেওয়া হয়নি।
উপজেলা মডেল মসজিদ ও ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, মসজিদের কাজ প্রায় শেষ হলেও ঠিকাদার এখনও বুঝিয়ে দেননি। ইমাম, মোয়াজ্জেম ও খাদেম নিয়োগের বিষয়টি জেলা প্রশাসক নির্ধারণ করবেন। মহামারির কারণে এ প্রক্রিয়া বন্ধ আছে।









