খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সদস্য বিরাজ মনি চাকমা আটক হয়েছেন। তার বিরুদ্ধে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ জনকে ব্রাশফায়ারে হত্যার অভিযোগ রয়েছে।
সোমবার (৯ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল দূরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে, এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ মে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শক্তিমান চাকমা। তার দাহক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচ জন নিহত হন।









