ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় গাড়ির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে ধরা আগুনে চারটি গাড়ি ও ছয়টি দোকান পুড়ে গেছে। রবিবার (১৫ আগস্ট) ভোরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বীরতলা রাস্তার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা। স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদের নেতৃত্বে দাউদকান্দি ও চান্দিনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে একটি কাভার্ডভ্যান, একটি পিকআপ, দুটি হাইয়েস মাইক্রোবাস এবং মুদি, টেলিকম, কনফেকশনারিসহ ছয়টি দোকান পুড়ে গেছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফয়েজ আহমেদ বলেন, আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।









