শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথ থেকে কোনও অবস্থাতেই পিছপা হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,চুক্তি বাস্তবায়ন করা সরকারের যেমন বিরাট চ্যালেঞ্জ,তেমনি আদিবাসীদেরও। বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই এলাকার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটির গুরুত্ব রয়েছে।
তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে এই এলাকার উন্নয়নে প্রতিষ্ঠানটি আরও বেশি সম্পৃক্ত হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চাকমা প্রমুখ।
/এআর/এমএসএম/








