চট্টগ্রামে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ছয় জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরআগে, ১৮ ও ১৭ আগস্ট ১১ জন এবং ১৬ আগস্ট সাত জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৫৬ জন। এর মধ্যে ৬৬২ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৪৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৬ হাজার ২০২ জন। এর মধ্যে ৭০ হাজার ৪৮২ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৫ হাজার ৭২০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ৫৯২টি নমুনা পরীক্ষায় ৩৪৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬২টি এবং আরটিআরএল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চবি ল্যাবে ৮৭, বিআইটিআইডি ল্যাবে ৩৬, চমেক ল্যাবে ৬০, সিভাসু ল্যাবে ৫৪ এবং আরটিআরএল ল্যাবে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১৩৯ টি অ্যান্টিজেন পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৬৮টি নমুনা পরীক্ষায় ১৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩১৫টি নমুনা পরীক্ষায় ৯ জন, মা ও শিশু হাসপাতলে ৪৩টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২০ নমুনা পরীক্ষায় চার জন এবং ইপিক হেলথ কেয়ারে ৯৩টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৮০টি নমুনা পরীক্ষা করে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।









