চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় মির্জাপুর ইয়নিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জাপুর সেতুর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
আব্দুল্লাহ আল মামুন মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুন্সী মহিউদ্দিনের ছেলে। তিনি নারকেলের ব্যবসা করতেন।
ওসি রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শুক্রবার বিকাল ৪টার দিকে বাসা থেকে বেরিয়ে মামুন ফেরেননি জানিয়ে ওসি আরও বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে হত্যা করে লাশ ফেলে যাওয়া হয়। মামুনকে কেন কারা হত্যা করেছে এটি তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।









