ধর্ষণ মামলার দুই আসামি পালানোর ঘটনায় দায়িত্বে চরম অবহেলা ও গাফিলতির অভিযোগে এনে নোয়াখালীর সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে। জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, সোনাইমুড়ী থানার ধর্ষণ মামলার আসামি মো. জুয়েল ও মো. দেলোয়ার হোসেনকে আদালতের নির্দেশে গত ১৮ আগস্ট (বুধবার) ঢাকার সিআইডিতে ডিএনএ পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষা শেষে সোনাইমুড়ী থানায় আনার পথে খাবার খেতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকার মহাসড়কের পাশে আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসামিসহ প্রবেশ করেন পুলিশ সদস্যরা।
বিকাল ৩টা ৪০ মিনিটে খাওয়া শেষে আসামিরা পুলিশের পাহারায় হোটেলের টয়লেটে যায়। সেখান থেকে তারা টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন, কনস্টেবল আব্দুল কুদ্দুস ও নারী কনস্টেবল আসমা আক্তারদের সাময়িক বরখাস্ত করা হয়।








