বৃষ্টির সময় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ মো. সালেহ আহমদকে (৪০) এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে টানা দ্বিতীয় দিন বৃহস্পতিবার অভিযান অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
সম্ভাব্য সব জায়গায় ইতোমধ্যে তাকে খোঁজা হয়ে বলেছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন ম্যানেজার শফিকুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ঘটনার পর গতকাল (বুধবার) রাত ৮টা পর্যন্ত আমরা অভিযান চালিয়েছি। আজ সকাল থেকে পুনরায় অভিযান শুরু করেছি। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।’
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে সালেহ আহমদ পড়ে যান।
নিখোঁজ সালেহ চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ব্যবসা করতেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরিফে যাওয়ার কথা ছিল তার।
সালেহ আহমেদ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘নিখোঁজের পর এখন প্রায় ৩০ ঘণ্টা পার হয়ে গেলো। এই সময়ে তার মরদেহ ভেসে ওঠার কথা। আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি। কোথাও মরদেহ পাওয়া যায়নি। তাই ধারণা করছি, তার মরদেহ পানিতে ভেসে নদী হয়ে সাগরে চলে যেতে পারে।’









