পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ জানুয়ারি (সোমবার) তিন পার্বত্য জেলায় ৪০০ কিলোমিটার সড়ক পথে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরাম তিনটি সংগঠন যৌথভাবে খাগড়াছড়ির দুদুকছড়ি থেকে শুরু করে বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুনধুম পর্যন্ত এই মানববন্ধন পালন করবে।
উক্ত কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), মহিলা সমিতি, পাহাড়ি ছাত্রপরিষদসহ (পিসিপি) অন্যান্য সংগঠন একাত্মতা প্রকাশ করে মাঠে নামবে। সকাল ১০টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচিতে তিন পার্বত্য জেলার আদিবাসীরা অংশগ্রহণ করবে।
সমতল এলাকায় সরকারি উদ্যোগে ইকো পার্ক, জাতীয় উদ্যান, সাফারি পার্ক গড়া, সংরক্ষিত বনাঞ্চলের নামে সমতল এলাকার আদিবাসীদের ভূমি অধিকার খর্ব ও দখল করে উচ্ছেদের প্রতিবাদে একই সময়ে দেশের সমতল এলাকায় বিভিন্ন আদিবাসী সংগঠন মানববন্ধন করবে। ইতিমধ্যে মানববন্ধন সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে সংগঠনগুলো। আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের দাবি জানাবে তারা।
প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গত বছরের ১৭ সেপ্টেম্বর রাঙামাটিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে সংগঠনগুলো। এর ধারাবাহিকতায় উক্ত কর্মসূচি পালন করছে সংগঠনগুলো।
/এসটি/








