চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এক লাখ ৪৫ জনের করোনা শনাক্ত হলো। অন্যদিকে একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৪৬ জনে। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
শনাক্ত রোগীদের অধিকাংশই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। শনাক্ত এক লাখ ৪৫ জনের মধ্যে ৭২ হাজার ৬৫২জন নগরীর। বাকি ২৭ হাজার ৩৯৩জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে এক হাজার ১৫টি নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৭২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭৮টি এবং আরটিআরএল ল্যাবে ১৫ টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৪৪ জন, চমেক ল্যাবে ছয় জন, সিভাসু ল্যাবে ৩৩ এবং আরটিআরএল ল্যাবে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ৩৭ টি অ্যান্টিজেন পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়।
অন্যদিকে বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষায় কোনও নমুনায় করোনা শনাক্ত হয়নি। মা ও শিশু হাসপাতালে ৩৪টি নমুনা পরীক্ষা করে দুইজন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯টি নমুনা পরীক্ষায় দুইজন এবং ইপিক হেলথ কেয়ারে ৫০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৯৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।









