রাঙামাটিতে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালন করেছে পাহাড়ের তিনটি সংগঠন। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে সোমবার পার্বত্য নাগরিক কমিটি, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য হেডম্যান নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে শুরু হয়ে এই মানববন্ধন বান্দরবান শহর হয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পথ দিয়ে ঢুকে বড়ইছড়ি-কাপ্তাই-ঘাগড়া-রাঙামাটি সদর-মানিকছড়ি-ঘিলাছড়ি-সাবেক্ষ্যং ইউপি হয়ে খাগড়াছড়িতে ঢুকেছে।
সকাল দশটায় শুরু হওয়া এই মানববন্ধনের সময় সাধারণ মানুষ একে অন্যের হাত ধরে মানবপ্রাচীর তৈরি করে।
রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে যাওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের রাঙামাটির জেলার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, চুক্তির ১৮ বছর পরও সরকার এখনও মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি। অথচ সরকারের মন্ত্রীরা প্রতিদিনই চুক্তির ৮০-৯০ শতাংশ বা তার বেশি বাস্তবায়ন করেছে বলে মিথ্যা দাবি করে আসছেন। আজকের এই মানববন্ধনের মাধ্যমে সরকার বুঝতে পারবে এই এলাকার জনগণের ভাষা। যারা শান্তিপূর্ণভাবে চুক্তি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করছে। বক্তারা দ্রুত চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, চুক্তির বাস্তবায়নে বাধাগুলো অপসারণ করুন, না হলে ভবিষ্যতে পাহাড়ের জনগণ আরও কঠিন কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে।
/জেবি/টিএন/আপ-এইচকে/








