পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিতুহল আলীর নেতৃত্বে এতে নানা শ্রেণি-পেশা ও বয়সের লাখো মানুষ শরিক হন। জুলুসটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, ষোল শহর, দুই নম্বর গেট হয়ে আবার মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। এরপর মাহফিল ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহর সভাপতিত্বে আয়োজিত মাহফিলে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সামশুদিন, পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি হিযব রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।
তারা আরও বলেন, মহানবী (সা.) আল্লাহর পক্ষ হতে মহা নেয়ামত হিসেবে এই ধরাতে আগমন করেন। আল্লাহ পাকের নির্দেশ, এই নেয়ামত প্রাপ্তিতে উদযাপন করা। তাই নেয়ামত স্বরূপ আয়োজিত আজকের এ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। রাসুলে পাকের সর্বোত্তম আদর্শ অনুসরণের মাধ্যমে শান্তিময় সমাজ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা।
মাহফিল শেষে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী দেশ-জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।









