পরিবহন ধর্মঘটের কারণে আটকে পড়া পর্যটকদের নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম গেছে আরও সাতটি বাস। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে রবিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে এসব বাস ছেড়ে যায়। এতে ২৮৮ জন পর্যটকের যাওয়ার সুযোগ হয়েছে। চট্টগ্রাম থেকে ট্রেনে করে পর্যটকরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজারের জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার চারটি ও আজ সাতটি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন আর কোনও পর্যটক আমাদের কাছে আসেনি।
কক্সবাজার ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব কক্সবাজার 'টুয়াক' সভাপতি আনোয়ার হোসেন জানান, শনিবার রাত ও রবিবার সকালে নিজস্ব ছোট যানবাহনে কক্সবাজার ছেড়েছেন হাজারও পর্যটক। এ কারণে কোনও পর্যটক ভোগান্তিতে পড়েছে বলে মনে হয় না।
এদিকে শনিবার পর্যন্ত কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে না গেলেও রবিবার সকাল থেকে কিছু কিছু ননএসি বাস কক্সবাজার ছেড়েছে। আবার অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। আবার অনেকে ভাড়া দুই-তিনগুণ হওয়ায় কক্সবাজার ত্যাগ করতে পারছেন না।
উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার শিডিউলে ছিলেন তারা এসেছিলেন আরও কয়েক দিন আগে। এ ধরনের পর্যটক ৩০ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান। বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি।








