কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনি প্রচারণাকালে এক মেম্বার প্রার্থীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মেম্বার প্রার্থী রেজাউল করিম আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনি প্রচারণার সময় এ ঘটনা ঘটে। রেজাউল করিম পিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোতকখালীর এলাকার সাবেক মেম্বার আবুল কালামের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা বলে জানিয়েছে স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনির উল গিয়াস ঘটনাটি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, একদল দুর্বৃত্ত অতর্কিত মেম্বার প্রার্থীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। আহত মেম্বার প্রার্থী রেজাউল করিমকে কক্সবাজার সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।









