নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সে সময় পুলিশের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হয়েছেন। আটক করা হয়েছে দুজনকে। এদিকে, জাল ভোট দেওয়ার অভিযোগে হাজীপুর ইউনিয়নে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে এসব ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন– সুলতানপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে ও স্বতন্ত্র প্রার্থীর ভাই মৃত শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৬) এবং মোশাকপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) আনিসুর রহমানের মধ্যে কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে ধাওয়া ও পাল্টা-ধাওয়ায় আনিসুর রহমানের গায়ে ছররা গুলি লেগেছে বলে জানা যায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড রাবার ও সিসা গুলি ব্যবহার করে। পরে মোবাইল টিম এসে আনিসুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আলী (২৬), খালাতো ভাই মিরাজকে (২৪) পুলিশ গ্রেফতার করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রে র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন।
তিনি আরও জানান, দুপুরে হাজীপুর ইউনিয়নের ১০৮নং কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন– হাজীপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আফজাল উদ্দিন বাবুর ছেলে মোহাম্মদ জুয়েল (২৫) এবং হাজীপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে কামরুল হাসান (১৭)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কামরুলকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
এর আগে, সকালে ছয়ানি ইউনিয়ন ৮নং দোয়ালিয়া কেন্দ্রের বাইরে বলের বাড়ির পশ্চিম-উত্তর পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ছোরা উদ্ধার করা হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৮টায় আমানুল্লাপুর ইউনিয়নের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে পলোয়ানপুল থেকে আমিশাপাড়া রাস্তার ওপর বড় বাড়ির দরজার সামনে কিছু বহিরাগত লোক চাদর গায়ে দাঁড়ানো ছিল। স্পেশাল স্ট্রাইকিং-১-এর ইনচার্জ বেগমগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সেখানে উপস্থিত হন। তখন ওই ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অজ্ঞাত একজনের একটি পিস্তল মাটিতে পড়ে যায়। এসআই আনোয়ার ফোর্সসহ দৌড়ে পিস্তল উদ্ধার ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে গেলে তাদের গায়ে থাকা চাদর ছুড়ে মারে। ওই চাদর এসআই আনোয়ারের পায়ে পেঁচিয়ে যায়। পাকা রাস্তার ওপর পড়ে তার দুই হাত ও পায়ে জখম হয়।
বিকাল ৩টায় রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান বিজয়কে নগদ ৬০ হাজার টাকাসহ বিজিবি ও ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা আটক করেন।









