কুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় করা মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মইনুদ্দিন আহমেদ বাবুসহ গ্রেফতার ১২ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, ‘পুলিশ ১২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড আবেদন করেছিল। বিচারক তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।’
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মফিজুল ইসলাম খান জানান, বাবুর বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।
গত ৬ নভেম্বর (শনিবার) গভীর রাতে সাজেক থেকে মইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়। ওই দিন পুলিশের মামলায় আরও ১২ আসামিকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পর পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।
কুমিল্লার নানুয়াদিঘি পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার পর সহিংসতা শুরুর জন্য তাকে (মইনুদ্দিন আহমেদ বাবু) অভিযুক্ত করেছেন এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টরা।







