লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাবা চেয়ারম্যান ও ছেলে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন—মাওলানা খালেদ সাইফুল্লাহ এবং তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী এই তথ্য জানান।
গতকাল দ্বিতীয় দফা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে চার হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু তিন হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর এক হাজার ৫১৩ ভোট পেয়েছেন।
এ দিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সদস্য নির্বাচিত হয়েছেন।
খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আল্লাহর রহমতে সততার সঙ্গে পাঁচ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার নিশ্চিত করেছি। উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের সেবা করতে পারে।’









