কমিটি ঘোষণার পাঁচ দিন পর লক্ষ্মীপুর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌরসভা এবং চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
রবিবার (২১ নভেম্বর) বিকালে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগ ঘোষণা করেন চারটি ইউনিটের নেতাকর্মীরা। এর মধ্যে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ১৫ জন, সদর (পূর্ব) পাঁচ জন, চন্দ্রগঞ্জ থানা ১০ জন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আট জন রয়েছেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত ১৭ নভেম্বর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌর ও চন্দ্রগঞ্জ থানাসহ স্বেচ্ছাসেবক দলের ছয়টি ইউনিটের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা করা হয়। দলের ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত, হামলা-মামলার শিকার, কারা নির্যাতিত নেতাকর্মীদের পদবঞ্চিত করা হয়েছে। কমিটিতে দলের কোনও ত্যাগী ও যোগ্য নেতারা স্থান পাননি। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সদর থানা (পশ্চিম) আহ্বায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা ও লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু। এ সময় পদত্যাগকারী নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।








