এক বন্দিকে মারধরের অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে হত্যা মামলায় দণ্ডিত বন্দি মো. শামীমের স্ত্রী পারভীন আক্তার মামলার আবেদনটি করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. বখতিয়ার এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পারভীন আক্তার আজ আবেদনটি করেন। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদালত আদেশ দেবেন।
মামলার অপর আসামিরা হলেন- জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম, ডেপুটি জেলার মো. সাইমুর, সুবেদার এমদাদ হোসেন ও কারারক্ষী সবুজ দাশ।
শামীমের স্ত্রীর করা মামলার আবেদনে বলা হয়, শামীম কারা হাসপাতালে ছিলেন। গত ১৭ জুলাই খাবার না পাওয়ায় খাবার চান। এতে ক্ষিপ্ত হয়ে ডেপুটি সাইমুরসহ অপর অভিযুক্তরা তাকে মারধর করেন। পরদিন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন। এরপর ১১ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে এসে তিনি মারধরের কথা জানান।
এ বিষয়ে জানতে জেল সুপার শফিকুল ইসলাম খানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
প্রসঙ্গত, বাদীর স্বামী মো. শামীমকে একটি হত্যা মামলায় ২০০৭ সালের ২৪ এপ্রিল ফাঁসির আদেশ দেন আদালত। পরে তিনি আপিল করেন। ২০১২ সালে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। ২০০৪ সাল থেকে তিনি কারাগারে আছেন।









