বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পড়া কক্সবাজারের মহেশখালীর ১৮ জন নৌ-শ্রমিককে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের অদূরে সাগরে ভাসমান অবস্থায় ‘এমভি মদিনা কাশেম’ বোট থেকে তাদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজ 'তিতাস'। বুধবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নৌবাহিনী।
উদ্ধারকৃতরা হলেন, আবদু মান্নান (ম্যানেজার), মো. সিদ্দিক মাঝি, জামাল উদ্দিন, আলতাফ হোসেন, আবদুর রহিম, মো. লেদু, তালাল আহম্মেদ, রেজাউল করিম, সৈয়দ মিয়া, জমির উদ্দিন, জানু মিয়া, তারেক, আবদুল মালেক, মো. বাদশা, মো. এনাম, সেলিম, কোরবান আলী এবং ওয়াজ উদ্দিন। তারা মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের চাক্তাই থেকে 'এমভি মদিনা কাশেম' নামে ইঞ্জিনচালিত বোটটি মঙ্গলবার বিকালে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশে মালামাল নিয়ে রওনা দেয়। কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছালে সন্ধ্যা ৬টায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা সাগরে ভাসতে থাকে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটে থাকা আব্দুল মান্নান নামে এক শ্রমিক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারে অনুরোধ জানান।
এরপর ৯৯৯ কল সেন্টার থেকে কুতুবদিয়া কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কুতুবদিয়া, মহেশখালী থানা এবং নৌবাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষেও বিষয়টি জানানো হয়। বিষয়টি জেনে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল নৌ-শ্রমিকদের উদ্ধার করে। রাত দেড়টার দিকে তাদের কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।









