চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভায় বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীর অর্ধশতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোবাইল চুরির ঘটনায় রাত ১১টা পর্যন্ত চাঁদপুর সদর মডেল দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর মধ্যে একটি জিডি করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। সভা চলাকালীন তার মোবাইলও হাতিয়ে নিয়েছে চোরেরা।
এদিকে, সন্ধ্যায় মোবাইল ফোন চুরির সময় মো. শামীম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. ইসমাইল হোসেন বলেন, ‘মোবাইল চুরির অভিযোগে সন্ধ্যায় এক যুবককে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন যুবলীগের নেতাকর্মীরা। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।’
মোবাইল ফোন চুরি যাওয়া যুবলীগ নেতা টুটুল, জনি, জহির, অপুসহ কয়েকজন জানান, বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক নেতাকর্মীর মোবাইল ফোন চুরি হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কয়েকটি মোবাইল চুরির খবর পেয়েছি। তবে যুবলীগের নেতাকর্মীরা বলেছেন অর্ধশতাধিক মোবাইল চুরি হয়েছে। মোবাইল চুরি হওয়ায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ দুই জন থানায় জিডি করেছেন। আমরা মোবাইল উদ্ধারের চেষ্টা করছি।









