কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরু হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত বিচারিক কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানিয়েছেন, বুধবার (১৫ ডিসেম্বর) প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠনের তারিখ ছিল। শুনানিতে প্রদীপ উপস্থিত হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করেছেন বিচারক। শুনানি শেষে বিচারিক কার্যক্রম শুরু আদেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।
বিতর্কিত ওসি প্রদীপ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি।








