ফটিকছড়ি উপজেলা তৃণমূল বিএনপির কর্মিসভাকে কেন্দ্র করে নগরীর দলীয় কার্যালয়ে সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে বিকাল ৩টা পর্যন্ত। নগরীর কাজীর দেউড়ি এলাকায় বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফটিকছড়ি উপজেলা বিএনপির তৃণমূল কর্মীদের সভা চলছিল নাসিমন ভবনে। কর্মীরা সবাই উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপের সদস্য। কিন্তু ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সভা দাওয়াত দেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যরা হামলা চালায় সরোয়ার আলমগীর গ্রুপের সদস্যদের ওপর। প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কিছু সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেন, ‘সভা শুরুর আগে আমরা দলীয় ভবনে জেলা নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় জামায়াতের ক্যাডার শওকত উল্লাহ ও আজিম উল্লাহ বাহারের নেতৃত্বে বহিরাগতরা আমাদের ওপর হামলা করেন। এ ঘটনায় আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হন। হামলার ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করবো।’
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিম উল্লাহ বাহার বলেন, ‘মিছিল নিয়ে যখন আমার নেতাকর্মীরা পার্টি অফিসের দিকে যায়, তখন পার্টি ভবনে অবস্থান নেওয়া ব্যক্তিরা আমার কর্মী-সমর্থকদের হামলার চেষ্টা করেন। এ সময় কয়েকজন কর্মী আহত হন।’
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ‘নাসিমন ভবনের সামনে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।’









