নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভোটকেন্দ্রে প্রবেশকালে দেশীয় অস্ত্রসহ রিকন রাজ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন শাহীনের সমর্থক বলে দাবি করেছেন বিদ্রোহী প্রার্থী।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় বাটইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদলা ঈদগাহ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে থেকে তাকে আটক করা হয়। রিকন রাজ একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আসলাম মিয়াজি বাড়ির জাফর আলমের ছেলে।
ভোটকেন্দ্রের দায়িত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা জানান, নৌকা প্রতীকের প্ল্যাকার্ড গলায় ঝুলানো এক যুবক দেশীয় অস্ত্র (ধারালো ছুরি) নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে চাচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) মিজানুর রহমান মিজানের অভিযোগ, রিকন রাজ নৌকার প্রার্থীর সমর্থক। বাটইয়া ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন শাহীন বলেন, রিকন রাজ একজন মানসিক প্রতিবন্ধী। বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনও ভোটারকে ভয়ভীতি দেখানো হচ্ছে না।









