নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চার জন প্রিসাইডিং অফিসার এবং দুই জন সহকারী প্রিসাইডিং অফিসারকে বদলি করা হয়েছে। নির্বাচনে পক্ষপাতিত্ব করতে পারেন এমন অভিযোগ ওঠায় ওই ছয় কর্মকর্তাকে সোমবার (৩ জানুয়ারি) ওই ইউপির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনোয়ার হোসেন স্বপন এ বিষয়ে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে স্বপন অভিযোগ করে বলেন, ‘৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কেন্টাইল ব্যাংকের সাত জন কর্মকর্তাকে প্রিসাইডিং অফিসার এবং দুই জনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান চেয়ারম্যান নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য (এমপি) মোরশেদ আলম। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আমার প্রধান প্রতিদ্বন্দ্বী কবির হোসেন খোকন তার ভাতিজা।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ইতোমধ্যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ আমার দুটি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর এবং তিনটি ক্যাম্পে তালা ঝুলিয়ে দেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। আমাকে ও আমার কর্মী-সমর্থকদের অব্যাহত হুমকি দেওয়া হচ্ছে। তাই এই নির্বাচনে কেন্দ্রভিত্তিক সহিংসতা রোধে সাহসী ও নিরপেক্ষ প্রিসাইডিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় প্রশাসনের সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে একজনের পক্ষপাতিত্বের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে এটি বড় অন্তরায়। যেহেতু মার্কেন্টাইল ব্যাংক এমপি সাহেবের প্রতিষ্ঠান, তাই তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা কোনোভাবেই তাদের প্রভাবের বাইরে ইচ্ছা থাকলেও যেতে পারবেন না। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ– অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কেন্টাইল ব্যাংক, বেঙ্গল ব্যাংক ও মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের কোনও কর্মকর্তা বা শিক্ষককে নাটেশ্বর ইউনিয়নে নির্বাচনি দায়িত্বে না দেওয়া হয়।’
এ প্রসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী ও নাটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন খোকন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে চার জন প্রিসাইডিং অফিসার ও দুই জন সহকারী প্রিসাইডিং অফিসারকে অন্য জায়গায় দায়িত্ব দিয়ে নতুন ছয় জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’









