ছোট ভাই-বোনের সঙ্গে নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে সালমা আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার দরিয়া নগরের বড়ছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরী ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।
ইমাম হোসেন বলেন, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি খেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাই-বোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শরীফ উদ্দিন বলেন, আমার স্ত্রী শাহেনাসহ বাড়ির সবাই সবজি ক্ষেতে কাজ করছিল। এ সময় খেলা করার সময় সালমার গলায় ফাঁস লাগে। নিহত সালমার বড় ভাই আবদুল্লাহ মাদ্রাসা থেকে এসে ঘরের বারান্দায় বোনের লাশ দেখতে পেয়ে চিৎসার করে। তার চিৎকারে সবজি ক্ষেত থেকে সবাই এসে সালমাকে উদ্ধার কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি অভিনয় দেখাতে গিয়ে কিশোরী মারা গেছে। লাশ মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।









