কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেটকার চাপায় শিশুসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিস (৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাইভেটকারটি আটক করেছেন স্থানীয়রা। পরে এটা থানায় আনা হয়েছে।









