নোয়াখালীর কোম্পানীগঞ্জে টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠছে। এছাড়া ওই টিউবওয়েলের ওপরে ম্যাচের জ্বলন্ত কাঠি ছুড়ে দিলে আগুন ধরে যাচ্ছে। রবিবার (১২ মার্চ) বিকাল থেকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এমনটা হচ্ছে।
চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে এ টিউবওয়েলটি বসানো হয়। দীর্ঘ দিন টিউবওয়েল ব্যবহার হয় না। রবিবার বিকালে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে সেটি সচল করার চেষ্টা করে। সে পানি ওঠাতে ব্যর্থ হয়। কিন্তু কিছুক্ষণ পর ওই টিউবওয়েল দিয়ে অনবরত পানি বের হচ্ছে। একই সঙ্গে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে আগুন ধরে যাচ্ছে। এ দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কেন এমন হচ্ছে।









