কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮-এপিবিএন)। সোমবার (২১ মার্চ) ভোরে উখিয়া শফিউল্লাহ কাটা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৬ এর ডি ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শফিউল্লাহ কাটার ডি-ব্লকের মৌলভী নূর মোহাম্মদ (৩৫), মো. ইলিয়াছ (৩৫), সৈয়দ আহম্মদ (৩৮) ও সানাউল্লাহ (৪৮)।
তারা সবাই সক্রিয় ডাকাত দলের সদস্য বলে দাবি করেছেন ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে শফিউল্লাহ কাটা ক্যাম্পের এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৬ এর ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১৮-২০ জন ডাকাত পালানোর সময় ধাওয়া দেওয়া হয়। পরে সাতটি রামদাসহ চার রোহিঙ্গা যুুবককে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়।
আইনি প্রক্রিয়া শেষে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান এপিবিএন কর্মকর্তা।









