কক্সবাজার টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের ধারালো ছুরির আঘাতে সাইদুল আমিন (২২) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। ওই সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ফাঁকা জায়গায় তিন রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার (২৯ এপ্রিল) জুমার নামাজের পর মো. সাইদুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। আহত সাইদুল আমিনকে টেকনাফ নয়াপাড়া আইপিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের দাবি, হামলাকারীরা ডাকাত সালমান শাহ গ্রুপের সদস্য।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছেবলে জানান তিনি।









