চট্টগ্রামে চারতলা ভবন থেকে পড়ে কামাল উদ্দিন (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যু ঘিরে এলাকার লোকজনের মাঝে নানা কথা ছড়িয়ে পড়েছে।
কেউ বলছেন, কামাল উদ্দিনকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। তবে পরিবারের দাবি, কামাল উদ্দিন চারতলা ভবনের বারান্দা থেকে পড়ে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
শনিবার (৭ মে) দুপুর ১২টার দিকে নগরের ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা জানান, কামাল উদ্দিন একসময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ওই সময় দৈনিক নব জীবন নামে একটি পত্রিকায় চট্টগ্রামের ব্যুরো প্রধান ছিলেন তিনি।
ডবলমুরিং থানার এসআই মহিম উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন তার বাসার চারতলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন বলে পরিবার দাবি করেছে। তবে এই মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা তদন্ত করে দেখছি আমরা।’
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।’









