আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও ইউছুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করে ৪৪ সদস্যের কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হয়নি বলে সদ্যঘোষিত এই কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন আমিরুজ্জামান আমির।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় কমিটির অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রাত ১১টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কমিটির এই আহ্বায়ক। নগরীর ধর্মসাগরপাড়ার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আমিরুজ্জামান আমির বলেন, ‘বিগত সময়ে সরকারের সঙ্গে আঁতাত করে যারা সুযোগ-সুবিধা নিয়েছে ও সরকারি দলের এমপির ডিও লেটারে মামলা থেকে রেহাই পেয়েছেন- এমন ব্যক্তিকে কমিটিতে সদস্য সচিব করা হয়েছে। যা আমরা মেনে নিতে পারি না। আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। দলে আমাদের ত্যাগ রয়েছে। আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন না করে কথিত বিএনপি নেতা ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়েছে। আমি যাদের নিয়ে রাজনীতি করবো, তারা যদি দলে ভালো পদ না পান- তাহলে কাদের নিয়ে রাজনীতি করবো। এ অবস্থায় আমি মহানগর আহ্বায়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি।’
এদিকে, আমিরুজ্জামান আমিরের বক্তব্যের প্রতিবাদে একই কমিটির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘যারা বলে কারও ডিও লেটারে আমিসহ নেতাকর্মীদের জামিন হয়েছে- তারা ভুল বলেছে। এগুলো তাদের রাজনৈতিক প্রতিহিংসার কথা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি তদন্ত কমিটি করেছেন। তদন্তে প্রমাণ হয়েছে যে আইনানুগভাবে আমাদের মামলার জামিন হয়েছে।’









