কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন হাসান নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইমন হাসান জেলা শহরের উত্তর টেকপাড়ার ব্যবসায়ী মোহাম্মদ হাছানের ছেলে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে মোটরসাইকেলে ঘুরতে যান ইমন। সেখানে তার গতিরোধ করে পেশকার পাড়া এলাকার একাধিক মামলার আসামি আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান, ইমন, সানি ও ফরহাদসহ ৭-৮ জন। এ সময় ইমনের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা। ছিনিয়ে নেওয়া হয় তার মোটরসাইকেল। পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তার মৃত্যু হয়।
৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম বলেন, ‘অবিলম্বে ইমনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তা না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









