চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় জালাল উদ্দীন সুলতান নামে এক ব্যবসায়ীকে খুনের দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ জুলাই) দুপরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
রায়ে আদালত কামাল হোসেন ও রাসেল নামে দু’জনকে মৃত্যুদণ্ড দেন। অন্যদিকে নিলু আক্তার ও মোছাম্মৎ সুরমা আক্তার নামে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরমধ্যে জামিন নিয়ে পলাতক রয়েছেন নিলু আক্তার। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জানান বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নোমান চৌধুরী।
তিনি বলেন, রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ২০ হাজার টাকা করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ অক্টোবর ডবলমুরিং থানাধীন সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেট থেকে হাত-পা বাঁধা অবস্থায় জালাল উদ্দীন সাগরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ব্যক্তিগত ক্ষোভ থেকে আসামিরা নিজের বাসায় ডেকে ব্যবসায়ী জালাল উদ্দীন সুলতানকে খুন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
২০১৭ সালের ৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।









