চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে গলা কেটে হত্যায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) জেলা শাখার নেতারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর কেসি দে রোডের বাজুস কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন আল্টিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজুস জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি ধর। তিনি বলেন, নিহত বিমান ধর বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম জেলা শাখার সদস্য এবং রাহাত্তারপুলের নিউ সৌদিয়া গোল্ড ফ্যাশনের মালিক। তার হত্যাকারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের সব স্বর্ণের দোকান বন্ধ থাকবে। ওই দিন একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজুসের জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, সহ-সভাপতি শিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, লিটন ধর, বিপ্লব বসাক, যীশু বণিক, হারাধন মহাজন, যুগ্ম সম্পাদক কাজল বণিক, প্রকৌশলী অমিত ধর, প্রদীপ গুহ, হাজী নুরুল হক, সুকুমার ধর, খোকন ধর, অর্থ সম্পাদক প্রতাপ ধর, সদস্য তমাল ধর, শম্ভু ধর ও তপন কান্তি ধর প্রমুখ।
সংবাদ সম্মেলনে বাজুস নেতারা বলেন, চলতি বছরের ৯ মার্চ নাজিরহাট বাজারের জনতা জুয়েলার্সের মালিক উত্তম ধর কুসুমকে নৃশংসভাবে হত্যা করা হয়। এখন পর্যন্ত তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পায়নি। ঠিক একইভাবে বিমান ধরকে হত্যা করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের যদি পুলিশ প্রশাসন গ্রেফতার করতে না পারে তাহলে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউপির লডিহারা এলাকায় বিমান ধরকে (৪৩) গলা কেটে হত্যা করা হয়। তিনি উপজেলার ধলঘাট ইউনিয়নের দুলাল ধরের ছেলে। নগরীর রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া গোল্ড ফ্যাশন নামে একটি স্বর্ণের দোকানের মালিক ছিলেন তিনি।









