নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের চার, দুই মাদক কারবারি ও এক সাজাপ্রাপ্ত আসামিসহ সাত জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কিশোর গ্যাং সদস্য মো. সাকিব (১৯), আব্দুল মারুফ (১৮), শাখাওয়াত হোসেন রকি (২৪), সাইফুল ইসলাম শাকিব (২৪), মাদক কারবারি মো. জাকের হোসেন (২৬), দেলোয়ার হোসেন (৪২) ও সাজাপ্রাপ্ত আসামি জাহেদ হাসান (৩৭)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্ধ্যার সময় অন্ধকার নির্জন স্থানে অস্বাভাবিক ঘোরাফেরারত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য মো. সাকিব ও আব্দুল মারুফকে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে এবং বেগমগঞ্জ উপজেলায় রাতে স্কুল কম্পাউন্ডের ভেতর অস্বাভাবিক আড্ডারত অবস্থায় কিশোর গ্যাংয়ের সদস্য শাখাওয়াত হোসেন রকি, সাইফুল ইসলাম শাকিবকে গ্রেফতার করা হয়।
এদিকে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বাজার থেকে ৪৮ পিস ইয়াবাসহ মো. জাকের হোসেন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, রাত ৯টায় কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ছাড়া তথ্য প্রযুক্তির সহযোগিতায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং এক লাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি জাহেদ হাসানকে ঢাকা থেকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের আজ দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।









