আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) রাতে ও সোমবার (২৪ অক্টোবর) সকালে দুই দফায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী এলাকায় এই সংঘর্ষ ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের নাসির মিয়ার গোষ্ঠীর সঙ্গে একই এলাকার চান্দের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারসহ নানা বিষয়ে নিয়ে বিরোধ চলছে। এরই মধ্যে গ্রামের একটি মেয়ের বিয়ে দেওয়া নিয়ে পূর্ব বিরোধের জেরে গতকাল রাতে চাঁন মিয়ার মার্কেটের সামনে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আজ সকালে বৃষ্টির মধ্যে আবারও সংঘর্ষে জড়ায় তারা। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে জড়িত উভয়পক্ষের ১৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করে মামলা করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।









