বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোনও দুর্নীতি করেননি। তিনি আইনে নয়, বরং শেখ হাসিনার আঙুলের ইশারায় জেলে আছেন। নিরপরাধ খালেদা জিয়াকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে এর বিচার জনতার আদালতে হবে।’
শনিবার (৫ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটে বিএনপির নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে আগামী ২৬ নভেম্বর হতে যাওয়া কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করতে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
বুলু বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস উঠেছে। জনগণ এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। তাই বিএনপির গণসমাবেশে কেবল বিএনপির কর্মীই নয়, বরং জনতার ঢল নামছে।’ তিনি কুমিল্লার সমাবেশ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লক্ষাধিক লোক সেখানে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ।
বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









