চট্টগ্রামের মীরসরাইয়ে ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরীকে মারধর করে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার সকালে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, মুখোশধারী ছয় জনের একটি দল ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরী কার্তিক দাশকে মারধর করে রশি দিয়ে বেঁধে আটকে রেখে দুটি ল্যাপটপ ও নগদ ৪৬ হাজার টাকা নিয়ে গেছে। আহত কার্তিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, মঙ্গলবার রাত দেড়টার সময় ছয় সদস্যের একটি গ্রুপ ইউনিয়ন পরিষদের নৈশপ্রহরীকে মারধর করে পরিষদের সচিব কাঞ্চন পালের দরজার তালা ভেঙে নগদ ৪৬ হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে যায়। বিষয়টি আমি বুধবার সকালে জোরারগঞ্জ থানা পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. অপূর্ব বলেন, বুধবার সকালে কার্তিক দাশ নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাথায় ও হাতের আঙুল এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভির ক্যামেরা দেখে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।









