কক্সবাজারে উখিয়া পালংখালী শরণার্থী শিবিরের একদল মুখোশধারী দুষ্কৃতকারী সন্ত্রাসীর ছুরিকাঘাতে রশিদ আহমদ (৩৬) নামে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উখিয়ার ১৫ নাম্বার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে। একই শিবিরের হেড মাঝির দায়িত্বে ছিলেন।
শনিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে অজ্ঞাতনামা ২-৩ জন দুষ্কৃতকারী সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে হেড মাঝি রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী ও প্রতিবেশীদের চিৎকারে ক্যাম্পের ভলান্টিয়াররা (স্বেচ্ছাসেবীরা) এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
ওসি জানান, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে।'









