আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী দুটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। অনুমতি পাওয়া জাহাজগুলো হলো- এমভি রাজহংস এবং এমভি পারিজাত।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষামূলকভাবে আপাতত দুটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার্থে কিছু শর্তও দেওয়া হয়। সেন্টমার্টিন থেকে জাহাজগুলো নিরাপদে ফিরে আসার পর অনুমতি সাপেক্ষে বাকি জাহাজ চলাচল করতে পারবে।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, এমভি পারিজাত ও এমভি রাজহংস পরীক্ষামূলকভাবে অনুমতি পেয়েছে। জাহাজটি দুটির একটিতে ৫২৫ জন এবং অপরটি ৪১০ জন যাত্রী ধারণে ক্ষমতা সম্পন্ন। শুক্রবার জাহাজগুলো নিরাপদে ফিরে এলে শনিবার থেকে অনুমতি পাওয়া জাহাজগুলো যেতে আর কোনও সমস্যা নেই।
তিনি আরও বলেন, তেলের দাম বৃদ্ধি হওয়ায় টিকিটের মূল্য আগের চেয়ে ১৫০-২০০ টাকা বাড়ানো যেতে পারে। পরে তেলের দাম কমলে টিকিটের মূল্যও কমানো হবে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, পর্যটন মৌসুমের আর মাত্র দুই মাস সময় বাকি আছে। এই দুই মাসে আমরা পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণ করে আনন্দ দিতে চাই। টেকনাফ-সেন্টমার্টিনে অনেক শিক্ষার্থী ভ্রমণ করে। আবার অনেক অসচ্ছল লোকজনও সেন্টমার্টিন ভ্রমণ করতে চায়। জাহাজ মালিকদের আমরা অনুরোধ করবো যারা অক্ষম তাদের টিকিটমূল্য বিবেচনা করতে। সর্বোপরি আমরা আশা রাখছি, পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে।
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।









