চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি কমানোর দাবির আন্দোলন থেকে গ্রেফতার কলেজছাত্র মো. মোস্তাকিমের (২২) জামিন মেলেনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মো. অলি উল্লাহ জামিন নামঞ্জুর করেন। এর আগে গত বুধবার মোস্তাকিমকে পুলিশ আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। বৃহস্পতিবার আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
মোস্তাকিম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ অক্সিজেন এলাকার মৃত খালেদ আজমের ছেলে। তাকে বিনা পয়সায় আইনি সহায়তা দিচ্ছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন (বিএইচআইএফ)।
আরও পড়ুন: মায়ের ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলনে গিয়ে কলেজছাত্র কারাগারে
সংগঠনটির আইনজীবী জিয়া হাবিব আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কলেজছাত্র মুস্তাকিমের জামিন আবেদন জানিয়েছিলাম। পুলিশ রিমান্ড চেয়েছিল। আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন। জেলগেটে মুস্তাকিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তাকে আদালতে প্রতিবেদনের দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। আদালতে আমার সঙ্গে প্রায় শতাধিক আইনজীবী মুস্তাকিমের জামিন আবেদনে অংশ নিয়েছিলেন। আগামী রবিবার আদালতে আবারও তার জামিন চাওয়া হবে।’
গত ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বৃদ্ধি করা হয়েছে। ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করে আসছিল রোগী ও স্বজনরা। গত মঙ্গলবার ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে মুস্তাকিম নামে এক কলেজছাত্রকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেয়। পুলিশের ওপর হামলা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মামলাটি করেন এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় মুস্তাকিমকে একমাত্র আসামি করা হয়। আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এই মামলায় কারাগারে আছেন মুস্তাকিম।








