চট্টগ্রামে বইমেলা শুরু, নতুন প্রজন্মের হাতে মোবাইল নয়, বই দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২১

চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৩। বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘একাত্তরে যে চেতনার ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পুরো জাতি এক হয়ে লড়েছিল, সে চেতনার ধারা আজ দুর্বল হয়ে গেছে। বঙ্গবন্ধুর অকাল প্রয়াণের পর স্বাধীনতাবিরোধী অপশক্তি ক্ষমতা দখল করে জনগণ; বিশেষ করে শিশুদের মগজধোলাই করে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। মিথ্যার প্রাসাদ ভেঙে জনগণের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জাগরিত করতে এই বইমেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রতিটি বই হয়ে উঠুক মুক্তিযুদ্ধের আদর্শের অস্ত্র ও স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার।’

মেয়র আরও বলেন, ‘ভাষা আন্দেলনের তাৎপর্য থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধের পরিকল্পনা সবকিছু জনগণের কাছে পৌঁছাতে সহযোগিতা করেছে বই। এজন্য চট্টগ্রামবাসীর হাতে হাতে বই তুলে দিতে এই মেলার আয়োজন। ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলা ব্যবহার করছেন না, তারা সাইনবোর্ডে বাংলা ব্যবহার করুন। চট্টগ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা মেলায় আসুন, নতুন প্রজন্মের হাতে মোবাইল নয়, বই তুলে দিন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ‘রাষ্ট্রের উন্নয়নে চাই শিক্ষার উন্নয়ন। ভালো মানের বই ছাড়া ভালো শিক্ষা ব্যবস্থা গড়া সম্ভব নয়। এই বইমেলা চট্টগ্রামের হাজারো বইপ্রেমীর পদচারণায় মুখর হয়ে উঠেছে, যা আমাদের একটি উন্নত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাহস জোগাবে।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, বইমেলা আয়োজন কমিটির আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক ও আবদুস সালাম মাসুম প্রমুখ।

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রায় এক লাখ দুই হাজার ৩০০ বর্গফুটের আয়তনজুড়ে বইমেলার মাঠ। মোট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০টি। এর মধ্যে ডাবল স্টল ৩২টি এবং সিঙ্গেল স্টল ৭৬টি। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনীগুলো মেলায় অংশ নিচ্ছে। ঢাকা এবং চট্টগ্রাম মিলে মোট ১০৮টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছেন। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলা প্রাঙ্গণে এবার বেশ কিছু অনুষ্ঠানমালার আয়োজন থাকবে। যার মধ্যে রয়েছে নজরুল দিবস, মাতৃভাষা দিবস-২১ ফেব্রুয়ারি, লোকজ উৎসব, রবীন্দ্র উৎসব, তারুণ্য উৎসব, নারী উৎসব, বসন্ত উৎসব, মরমী উৎসব, আবৃত্তি উৎসব, নৃগোষ্ঠী উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, শিশু উৎসব, পেশাজীবী সমাবেশ, মুক্তিযুদ্ধ উৎসব, ছড়া উৎসব, কুইজ প্রতিযোগিতা, চাটগাঁ উৎসব, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

মেলা আয়োজন কমিটির আহ্বায়ক সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেলা প্রাঙ্গণে থাকবে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্নার। লেখক আড্ডাসহ নারী কর্নার এবং ওয়াইফাই জোন। এছাড়া নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণ সিসিটিভির আওতায় থাকবে। কাউন্সিলর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকবে। মেলা মঞ্চে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘মেলা মঞ্চে প্রতিদিন শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রবীন্দ্র-নজরুল-লোক সংগীত, সাধারণ নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশের গানের আয়োজন করা হবে। মেলাকে আকর্ষণীয় করার লক্ষ্যে চট্টগ্রামের লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বইপ্রেমীদের নিয়ে বিভিন্ন উপ-পরিষদ গঠন করা হয়েছে। তাদের সহযোগিতায় প্রতিদিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক, শিক্ষিবিদ, বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন। মেলা মঞ্চে প্রতিদিন মুক্তিযুদ্ধের জাগরণী ও দেশাত্মবোধক গান পরিবেশিত হবে।’

এছাড়া মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মঞ্চ ও সেলফি কর্নার থাকবে। পাশাপাশি ৫২’র ভাষা আন্দোলন ও স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। মেলা পরিষদের কক্ষ, সুপরিসর মিডিয়া সেন্টার, হেলথ কর্নার, ফায়ার সার্ভিস, অভ্যর্থনা কক্ষ, টিভি বুথ, এটিএম ব্যাংকের বুথ, সার্বক্ষণিক সেবা ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের সার্ভিস বুথ থাকবে বলে জানান আয়োজকরা।

/এএম/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান