আরাকানে ফিরতে আমরণ অনশনের হুঁশিয়ারি রোহিঙ্গাদের

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিয়ানমারের আরাকানে ফেরার দাবি জানিয়েছেন রোহিঙ্গারা। সেইসঙ্গে মাতৃভূমিতে তাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায় ব্যর্থ হলে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মাতৃভূমিতে ফেরার দাবিতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উখিয়ার লম্বাশিয়া এক নম্বর ক্যাম্পে সমাবেশের আয়োজন করেন রোহিঙ্গারা। সেখান থেকে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দেওয়া হয়। সমাবেশে হাজারো রোহিঙ্গা নারী-পুরুষ অংশ নেন। আশপাশের ক্যাম্প থেকে রোহিঙ্গারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে রোহিঙ্গা নেতা মাস্টার মো. কামাল, মৌলভী সৈয়দ উল্লাহ, মাস্টার মুসা ও আলম শাহ বক্তব্য দেন।

সমাবেশে রোহিঙ্গা নেতা মাস্টার মো. কামাল বলেন, ‘প্রায় ছয় বছর হয়ে যাচ্ছে আমরা এখানে এসেছি। আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে। আমরা এত কম খাবার গ্রহণ করতে পারবো না। রেশন ছাড়া আমাদের জীবন বাঁচানো কঠিন। আমাদের জীবন বাঁচাতে হলে আগের মতো রেশন দিতে হবে।’

মাতৃভূমি মিয়ানমারে ফিরতে আমরা প্রস্তুত উল্লেখ করে মো. কামাল বলেন, ‘বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। আমরা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছি। অনেক হয়েছে, এবার আমরা মিয়ানমারে ফিরতে চাই। বিশ্ব সম্প্রদায় আমাদের মাতৃভূমিতে ফেরাতে ব্যর্থ হলে আমরণ অনশনে বসবো। এজন্য সব রোহিঙ্গাকে প্রস্তুত থাকতে হবে।’ 

মৌলভী সৈয়দ উল্লাহ বলেন, ‘বাঙালিরা একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। ভাষার জন্য তারা প্রাণ দিয়ে পৃথিবীর সব জাতির মাতৃভাষার মানকে মর্যাদাপূর্ণ করেছেন। আমরা দিবসটি পালনের শুরুতে বাঙালির সেই বীর পুরুষদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘আমরা জাতিগতভাবে মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বতন্ত্র মাতৃভাষা রয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দেশছাড়া করে ভিটেমাটি ও নাগরিকত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি ভাষার অধিকার কেড়ে নিয়েছে। আমরা মাতৃভূমি আরাকানে ফিরতে চাই। রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে সেদেশে মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে চাই।’ 

মাস্টার মুসা বলেন, ‘রোহিঙ্গাদের ভূমি আছে এবং সমৃদ্ধ ভাষা আছে। সারা পৃথিবীর মানুষ নিজ দেশে বাস করে মাতৃভাষায় কথা বলছে। নিজেদের জন্মভূমি থাকার পরও অন্য দেশে আশ্রিত হয়ে আছি। বার বার বিশ্ব সম্প্রদায়ের কাছে মাতৃভূমিতে ফেরার পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আসছি। কিন্তু ফেরার স্বপ্ন এখনও অন্ধকারে। আমরা মাতৃভূমিতে ফিরতে চাই।’ 

বছরের পর বছর বাংলাদেশের বোঝা হয়ে থাকতে চাই না উল্লেখ করে মাস্টার মুসা বলেন, ‘নিজেদের দেশে ফেরার নিশ্চয়তা চাই। আমাদের দেশে ফেরা নিশ্চিত করুন, না হয় আমরণ অনশনে বসবো আমরা।’

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আমির জাফর বলেন, ‘ক্যাম্পে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গারা সমাবেশে করেছেন। মূলত মাতৃভাষা দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করেছেন তারা। সমাবেশ শেষে সবাই নিজ নিজ ক্যাম্পে ফিরে গেছেন।’ 

সমাবেশে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের