কক্সবাজারের উখিয়ায় নূর হাবিব ওরফে ওয়াক্কাস (৪৫) নামের এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে।
ওয়াক্কাস ৯ নম্বর ক্যাম্পের নেতা (মাঝি) ছিলেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে ৩০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল রোহিঙ্গা নেতা ওয়াক্কাসকে ব্লক-সি-৩ এর মৌলভী ইয়াছিন শেডের সামনে গুলি করে। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎক তাকে মৃত বলে জানান। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে শরণার্থী ক্যাম্পের দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ওয়াক্কাস আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। ক্যাম্পে প্রতিপক্ষের শীর্ষ সন্ত্রাসীরা ওয়াক্কাসকে গুলি করে হত্যা করেছে।’
৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা ইয়াছিন জানান, ‘ওয়াক্কাস ক্যাম্পে আরসা কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন। তাই ক্যাম্পের লোকজন তাকে ভয় পেতেন। সম্প্রতি আরসার সঙ্গে তার দূরত্ব বাড়ে। তিনি তাদের গ্রুপ থেকে বেরিয়ে আসেন। এ কারণে আরসার সদস্যরা তাকে হত্যা করেছে।’









