তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাফিয়ে লাফিয়ে যে বক্তব্য দেন, গয়েশ্বর বাবু শরীর দুলিয়ে দুলিয়ে যা বলেন, তা টেলিভিশনে দেখা যেতো না, যদি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা না করতো আওয়ামী লীগ সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে বলেই ফখরুল সাহেবদের টিভিতে দেখা যায়।’
বুধবার (৫ এপ্রিল) বিকালে চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়া থেকে যারা লুকিয়ে লুকিয়ে শহরে বিএনপির মিছিলে যান, তারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটিও আওয়ামী লীগের করা। তারা যে মসজিদে নামাজ পড়ে সেখানেও সরকারের অনুদান আছে। কিংবা যেই স্কুলে তাদের সন্তানরা পড়াশোনা করছে, সেটিও আওয়ামী লীগের গড়া।’
ভোটের সময় তারা আবার আসবে এবং নানা সমালোচনা করবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তাদের জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ যে রাস্তাগুলো করেছে, সেগুলোতে গর্ত হলে ভরাট করতে পারবে কিনা? তাদের সেই ক্ষমতাও নেই। যদি গর্ত ভরাটের জন্য টাকা আসে, সেগুলো দিয়ে নিজেদের পকেট ভরাট করে ফেলবে। অতীতেও তাই করেছিল।’
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই যুগে যুগে দলকে রক্ত সঞ্চালন করে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। গ্রামগঞ্জ ও মহল্লায় আমাদের দলকে আপনারাই ধরে রেখেছেন। জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে আজকে দেশ বদলে গেছে। মূল সড়ক নয়; এখন মানুষের ঘরে যাওয়ার রাস্তাও পাকা হয়েছে। এসব উন্নয়নের দাবিদার আপনারাও। গ্রামগঞ্জে, হাটেঘাটে এবং মাঠে সাধারণ মানুষের কাছে সরকারের এসব উন্নয়নের কথা তুলে ধরতে হবে আপনাদের।’
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমানুল হক তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, মুহাম্মদ আলী শাহ, শফিকুল ইসলাম, আকতার হোসেন খান ও ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।








